এক হচ্ছে দেশের তিন দ্বীপ, নতুন ভূমি, নতুন সম্ভাবনা।
বিকেলের নরম রোদ গ্রীষ্মের উত্তাপ কিছুটা কমিয়ে দিয়েছে। চারপাশজুড়ে খোলা প্রান্তর। পূর্বে সীতাকুণ্ডের পর্বতমালা আর পশ্চিমে মেঘনার জলরাশি। জনবসতি দূরের কথা, পশুপাখিরও দেখা নেই। চরাচরের নির্জনতাকে ভাঙছে কেবল শোঁ শোঁ করে আসা বাতাসের শব্দ। মেঘনা নদীর দিক থেকে নতুন জেগে ওঠা চরের পথ ধরে এগোতেই চোখে পড়ে এক বিরান ভূমি, যেখানে মাটির ওপর লবণের সাদা আস্তরণ, ঘাসের আস্তরণ আর নাম না–জানা ঝোপ। সরু খাল দিয়ে কোথাও কোথাও বইছে পানির প্রবাহ। সন্দ্বীপের দিকে এগোতেই গাছগাছালি আর মহিষের দলের আনাগোনা বাড়ছে। দূরে চোখে পড়ছে গবাদিপশুর চাষাবাদের জন্য তৈরি কেল্লা।
এই বিরান ভূমিতে ঘর নির্মাণে ব্যস্ত জহিরুদ্দিন ও তাঁর চাচাতো ভাই মো. সাদিকুল। প্রায় ৩০ বছর আগে এখানেই মেঘনার ভাঙনে তাঁদের বাড়িঘর বিলীন হয়ে গিয়েছিল। এরপর পুরো পরিবার নোয়াখালীর লক্ষ্মীর চরে চলে যায়। মাস দুয়েক আগে নতুন চর জাগার খবর শুনে এখানে ফিরেছেন তাঁরা।
জহিরুদ্দিন বলছিলেন, ‘আমাদের ইহানে আত্মীয়স্বজন আছে না, তাগের কাছে শুনচি জমি জাগার কতা। অ্যারপর কাওজ-হত্রো টোয়াই আনি আস্তে আস্তে চইলা আইচি। এয়ানে ৮০ একরের মতো জায়গা পাইচি। আমাগের গুষ্টি বড়। তাই জমি বাইচা নিচি এত।’
লক্ষ্মীর চরে তাঁরা কয়েক পরিবার মিলে মাত্র দুই একর জমিতে থাকতেন। নতুন চর জেগে ওঠার খবরে তাঁদের মতো অনেকেই আসছেন এই ‘সবুজ চরে’। সন্দ্বীপের মেঘনার মোহনার কাছে জেগে ওঠা এই নতুন জমি ‘সবুজ চর’ নামেই পরিচিতি পেয়েছে। এর আয়তন প্রায় ৮০ বর্গকিলোমিটার, যার অর্ধেকের বেশিই বিরান। কিছু কিছু এলাকায় চলছে পশুচারণ ও চাষাবাদ। এসব জমিতে জহিরুদ্দিনের মতো মানুষেরা খুঁজে নিচ্ছেন নিজেদের ঠিকানা।
তিন যুগ ধরে সন্দ্বীপ, জাহাইজ্জার চর (বর্তমান স্বর্ণদ্বীপ) ও ভাসানচর—এই তিন দ্বীপ ধীরে ধীরে এক হয়ে যাচ্ছে। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) তাদের গবেষণায় এই চিত্র তুলে ধরেছে। নতুন নতুন ভূমির উত্থানের কারণেই এমনটা ঘটছে।
তিন দ্বীপের এক হয়ে যাওয়া: এক নতুন আখ্যান
দেশের দক্ষিণ-পূর্বের বিস্তীর্ণ এলাকাজুড়ে এখন নতুন জমি এবং সেখানে নতুন বসতি গড়ার এক নতুন আখ্যান তৈরি হচ্ছে। এটি নিছক নদীভাঙা মানুষের গল্প নয়, এটি দেশের ইতিহাসে একটি নতুন ভূমির জন্ম, নতুন অর্থনীতির সম্ভাবনা এবং প্রাকৃতিক-বৈজ্ঞানিক ঘটনাবলির সম্মিলন।
তিন যুগ ধরে সন্দ্বীপ, জাহাইজ্জার চর (বর্তমান স্বর্ণদ্বীপ) ও ভাসানচর—এই তিন দ্বীপ ধীরে ধীরে এক হয়ে যাচ্ছে। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) তাদের গবেষণায় এই চিত্র তুলে ধরেছে। নতুন নতুন ভূমির উত্থানের কারণেই এমনটা ঘটছে।
অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান এ ঘটনাকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যেও এক ভিন্ন ও ব্যতিক্রমী আশার দিক হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ঝুঁকির দিক নিয়ে ক্রমাগত যেসব তথ্য আমরা পাচ্ছি, সেই স্থানে স্পারসোর এই গবেষণা এক ভিন্ন ও ব্যতিক্রমী বয়ান সৃষ্টি করেছে। জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক পূর্বাভাস বলছে আমাদের ঝুঁকির দিক নিঃসন্দেহে আছে। কিন্তু আমাদের স্থানীয় জ্ঞান বলছে, শুধু ভাঙন নয়, জলমগ্ন হয়ে বিস্তীর্ণ প্রান্তরের ধ্বংস নয়, আশারও দিক আছে। স্পারসোর এই গবেষণা সেই স্থানীয় জ্ঞানেরই প্রতিফলন।’
এক হচ্ছে যে তিন দ্বীপ
বঙ্গোপসাগরের একটি প্রাচীন দ্বীপ হলো সন্দ্বীপ, যা স্পারসোর গবেষণায় তিন হাজার বছরের পুরোনো বলে উল্লেখ করা হয়েছে। এই দ্বীপটি বহু বছর ধরেই ক্ষয় ও পলিমাটি জমার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। গবেষণায় দেখা যায়, ১৯৮৯ থেকে ২০২৫ সালের মধ্যে সন্দ্বীপের পাশেই জেগে উঠেছে জাহাইজ্জার চর (বর্তমান স্বর্ণদ্বীপ) ও ভাসানচর।
২০০৬ সালে মেঘনা মোহনার পলিমাটি জমে সৃষ্টি হয় ভাসানচর। এখানে বাংলাদেশ সরকার রোহিঙ্গা শরণার্থীদের স্থানান্তরের জন্য ঘরবাড়ি ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে।
স্পারসোর পরিচালনা পর্ষদের সদস্য মাহমুদুর রহমান বলেন, এখন সন্দ্বীপ, স্বর্ণদ্বীপ (জাহাইজ্জার চর) ও ভাসানচর একত্র হয়ে একক ভূমিরূপে আবির্ভূত হয়েছে। অর্থাৎ তিনটি দ্বীপ এখন ভৌগোলিকভাবে প্রায় সংযুক্ত। তবে যেহেতু মেঘনা মোহনার দ্বীপগুলো খুবই পরিবর্তনশীল, তাই নিয়মিত নজরদারি ও দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ দরকার।
গবেষণায় দেখা গেছে, উপকূলীয় ভৌগোলিক গঠন, বিশেষ করে মেঘনা মোহনার দক্ষিণাংশে দ্বীপের সৃষ্টির ইতিহাস ও বিস্তৃতি ১৯৮৯ থেকে ২০২৫ সালের মধ্যে অত্যন্ত গতিশীল ছিল। সন্দ্বীপ একটি পুরোনো দ্বীপ হলেও স্বর্ণদ্বীপ ও ভাসানচর তুলনামূলকভাবে নতুন এবং ক্রমাগত পলিমাটি জমে বিস্তৃত হয়েছে।
বাংলাদেশের ভূমির বৈশিষ্ট্য ও তিন দ্বীপের একত্র হওয়া
বাংলাদেশের ভূমির গঠনকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়: ১. পাহাড়ি অঞ্চল (১২%), ২. গড়াঞ্চল (৮%) এবং ৩. পলল ভূমি (৮০%)। বাংলাদেশ আসলে গড়ে উঠেছে বড় বড় নদী দিয়ে আসা বিপুল পরিমাণ পলি দিয়ে। এই পলির বেশির ভাগই সাগরে গিয়ে পড়ে, আর কিছু অংশ সঞ্চিত হয়ে গড়ে ওঠে ভূমি।
এই পললের প্রবাহ দেশের উপকূলের দুই অংশে ভিন্নভাবে হয়। খুলনা বা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলে পলল দিয়ে ভূমির গঠনপ্রক্রিয়া দ্রুততর হয় না। এর কারণ হলো এ অঞ্চলের কাছে থাকা বঙ্গোপসাগরের ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’, যা বিশ্বের বৃহত্তম ডুবো গিরিখাত। এখানে বিপুল পলি গিয়ে জমা হয়, যা আর ফিরে আসতে পারে না। এ ছাড়া খুলনার উজানের অনেক নদীর প্রবাহ কমে যাওয়ায় পলির আগমন বাধাগ্রস্ত হচ্ছে।
SSS
ঠিক এর উল্টো হলো উপকূলীয় মেঘনা মোহনা। এখানকার নদী বেয়ে আসা বিপুল পলি সমুদ্রের বুকে মিশছে বটে, কিন্তু এর একটি উল্লেখযোগ্য অংশ নতুন ভূমি গঠনে ভূমিকা রাখছে। গবেষকেরা বলছেন, মেঘনার মোহনায় নতুন নতুন ভূমি জেগে ওঠার পেছনে আছে এ অঞ্চলের প্রাকৃতিক বৈশিষ্ট্য। এখানকার ভোলা, সন্দ্বীপ ও মনপুরা ঘিরে নতুন নতুন দ্বীপ গড়ে উঠছে। আবার এসব দ্বীপ একত্র হয়ে যাচ্ছে। দীর্ঘ সময়ের পলির সঞ্চয়ই নেপথ্যের কারণ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ব বিভাগের অধ্যাপক কাজী মতিন উদ্দিন আহমেদ তিন দ্বীপের এক হয়ে যাওয়ার বিষয়ে বলেন, ‘পুরো বাংলাদেশই তো পললগঠিত। তিন দ্বীপের এক হয়ে যাওয়া নতুন খবর। তবে এ অঞ্চলটিতেই ভূমির পুনর্ভরণ দ্রুত ঘটছে অন্তত চার দশক ধরে। আর সন্দ্বীপের যে অঞ্চলে নতুন নতুন ভূমি জাগছে, সেটা আমাদের জন্য ইতিবাচক খবর।’
0 Comments